রাজবাড়ীতে হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় প্রাণ গেলো নারীর
প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে রেশমা খাতুন রাস্তায় হাঁটতে বের হন।
রাজবাড়ীতে পৌর এলাকায় ভোরে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পৌর এলাকার চরলক্ষীপুর তালতলা মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাংশা হাইওয়ে থানার এসআই জুয়েল রানা।
নিহত রেশমা খাতুন (৪০) তালতলা এলাকার ইউনুস আলী খানের স্ত্রী।
স্বজনদের বরাতে এসআই জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে রেশমা খাতুন রাস্তায় হাঁটতে বের হন।
“বৃহস্পতিবারও তিনি বের হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া গামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়।”
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ট্রাক চালক লিটন কুমার ও ট্রাকটি আটক করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
