কিশোরগঞ্জে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু
দুজনের মৃত্যু হয় মঙ্গলবার সকালে; আরেকজন রোববার নিখোঁজ হন – মঙ্গলবার তার লাশ পাওয়া যায়।
কিশোরগঞ্জের করিমগঞ্জে ও কুলিয়ারচর উপজেলায় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে।
এদের মধ্যে দুজনের মৃত্যু হয় মঙ্গলবার সকালে এবং আরেকজন রোববার নিখোঁজ হন – লাশ পাওয়া যায় মঙ্গলবার।
নিহতরা হলেন ঢাকা থেকে করিমগঞ্জ আসা রাফু (২৪) ও লিমন (২৩) এবং কুলিয়ারচরে পিকনিক করতে আসা ইয়াছিন আরাফাত জীবন (১৫)।
করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে রাফু রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে এবং লিমন একই এলাকার লাল মিয়ার ছেলে। রাফু ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এবং লিমন মুন্সিগঞ্জ পলিটেনিকের ছাত্র।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, করিমগঞ্জ উপজেলার গুণধর বাজারের সায়েম উদ্দিনের ছেলে তৌকিরের বিয়ে উপলক্ষ্যে রোববার তার পাঁচ বন্ধু রাফু, লিমন, রাফি, জুনায়েদ ও রকি ঢাকা থেকে তার গ্রামের বাড়ি গুণধর বেড়াতে আসেন।
মঙ্গলবার ছিল তৌকিরের বৌভাত অনুষ্ঠান। সকালের নাস্তা সেরে তৌকির ও তার পাঁচ বন্ধু রাফু, লিমন, রাফি, জুনায়েদ ও রকি ফুটবল খেলেন। পরে বাড়ির পাশে গুণধর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণের বড় হাওরে তারা ফুটবল নিয়েই গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে হাওরের ডুবো সড়ক থেকে পা পিছলে রাফু, লিমন ও তৌকির খাদে পড়ে যান। সাঁতার না জানায় কিছুক্ষণের মধ্যেই তারা হাওরের পানিতে তলিয়ে যান।
এ সময় অন্য তিন বন্ধু এবং এলাকাবাসী সাঁতরে পানিতে তলিয়ে যাওয়া তিন বন্ধু রাফু, লিমন ও তৌকিরকে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই লিমনের মত্যু হয়। এছাড়া রাফু ও তৌকিরকে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফু মারা যান।
তৌকিরকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গত রোববার সকালে বন্ধুদের সঙ্গে নৌকায় নদীপথে পিকনিক করতে আসেন ইয়াছিন। দিনব্যাপী নৌকা নিয়ে ঘোরাফেরা শেষে সন্ধ্যার আগে কালী নদীতে জিল্লুর রহমান সেতুর নিচে এসে সবাই লাফালাফি করে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটেন। পরে অন্যরা নৌকায় উঠে এলেও ইয়াছিন উঠতে পারেননি।
“খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধারে কাজ করে; আজ (মঙ্গলবার) দুপুরে কালী নদীতে জিল্লুর রহমান সেতুর নিচে তার মৃতদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।”
ইয়াছিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে; স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
