পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার বিচার হয়নি অর্ধ যুগেও
হত্যাকাণ্ডের ছয় বছরেও মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে জানিয়েছে নিহতের পরিবার।
পিরোজপুর সদর উপজেলায় ছয় বছর আগে এক ছাত্রলীগ কর্মীকে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকালে জেলা শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ১৭ বছর বয়সী ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হানিফ খান, সাকিবের মা দেলোয়ার বেগম ও ভাই আতিকুর রহমান সজলসহ এলাকাবাসী।
নিহতের পরিবারের অভিযোগ, সাকিবকে হত্যায় জড়িতরা বিভিন্নভাবে তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
২০১৭ সালের ৭ মে স্থানীয় ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাকিব হাওলাদার নিহত হয়। পরে এ ঘটনায় স্থানীয় সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালকে আসামি করে হত্যা মামলা করা হয়।
তবে ছয় বছরেও এ মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সাকিব হত্যাকাণ্ডের সঠিক বিচার ও আসামিদের ফাঁসি চেয়েছেন এলাকাবাসী।
