জয়পুরহাটে স্বামী হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত স্ত্রী ২২ বছর পর গ্রেপ্তার
২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বামীকে হত্যায় যাবজ্জীবন দণ্ড পাওয়া স্ত্রীকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জয়পুরহাট র্যাব-৫ এর (ভারপ্রাপ্ত) কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান।
গ্রেপ্তার ৪২ বছর বয়সী ডলি বেগম পাঁচবিবি উপজেলার কুটুহারা গ্রামের প্রয়াত আবুল হোসেনের স্ত্রী।
মামলার বরাতে রোববার রফিকুল ইসলাম জানান, মঠপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন শ্বশুরবাড়িতে থাকতেন।
“সেখানে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এর মধ্যে ডলি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। আবুল বিষয়টি জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করেন ডলি।
“পরে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামিরা আবুলকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।”
এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। তিন মাসের মধ্যে নিহতের স্ত্রীসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
র্যাব জানায়, চলতি বছরের ২৬ জুন জয়পুরহাট জেলা ও দায়রা জজ নুর ইসলাম চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ডলি বেগমসহ অন্য দণ্ড পাওয়ারা হলেন- পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের বাসিন্দা সুরেন উড়াও, মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের কাফা মিয়া। মামলা পর থেকেই ডলি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার মো. রফিকুল আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪ (সিপিএসসি) এবং র্যাব-৫ (সিপিসি-৩) এর যৌথ অভিযানে ডলিকে ঢাকার আদাবর এলাকা গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
রোববার বিকালে পুলিশ ডলিকে জয়পুরহাট কারাগারে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
