২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে লালমাই পাহাড়ের মাটি ধুয়ে বেরিয়ে এল মর্টার শেল

খবর পেয়ে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

বৃষ্টিতে লালমাই পাহাড়ের মাটি ধুয়ে বেরিয়ে এল মর্টার শেল

সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকায় লালমাই পাহাড়ে মর্টার শেলটি পাওয়া যায় ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 09:40 AM

Updated : 30 Nov 2023, 09:40 AM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ে বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে।

মঙ্গলবার সকালে উপজেলার বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি পাওয়া যায় বলে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান।

তিনি বলেন, রাতে ভারি বর্ষণে ওই এলাকায় মাটি ধুয়ে মর্টার শেলটি বেরিয়ে আসে। সকালে স্থানীয়রা সেটি দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

ওসি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখযুদ্ধ হয়েছিল। ওই সময় মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় বলে ধারণা করা হচ্ছে।

ঢাকায় পুলিশের বম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে; তারা পৌঁছে শেলটি নিষ্ক্রিয় করবে বলে জানান তিনি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]