২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তালাবদ্ধ ঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

হাজেরা খাতুন বাড়িতে একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পাবনায় তালাবদ্ধ ঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 12:02 AM

Updated : 04 Apr 2023, 12:02 AM

পাবনার ঈশ্বরদী উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের বাঘইল গোলাবাড়িতে মরদেহটি পাওয়া যায় বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। 

নিহত ৭৬ বছর বয়সী হাজেরা খাতুন রাজশাহী কলেজের প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হবিবুল্লাহের স্ত্রী। 

প্রতিবেশীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ে। তাদের মধ্যে ২ মেয়ে বিদেশে এবং অন্যরা ঢাকায় থাকেন। 

“হাজেরা খাতুন বাড়িতে একাই থাকতেন। তবে মাঝেমধ্যে ঢাকায় মেয়েদের কাছেও থাকতেন। ঘটনার দিন সকালে তাকে বাগানে ঘুরতে দেখা গেছে।” 

তিনি আরও বলেন, বিকালে ঢাকা থেকে হাজেরার মেয়েরা ফোন করে মাকে না পেয়ে তাদের মামা হব্বুল ও প্রতিবেশীদের জানান। 

“প্রতিবেশীরা বাড়িতে ঢুকে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তালা ভেঙে ঘরের বিছানায় হাজেরাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।” 

হাজেরার ভাই হবিবুল ইসলাম হব্বুল বলেন, “ঢাকা থেকে ভাগ্নিদের ফোন পেয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় বোন পড়ে আছে। ঘরের আলমারি খোলা এবং কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো।” 

ঘটনাস্থল পরিদর্শন শেষে বিপ্লব কুমার গোস্বামী জানান, ক্রাইম টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ না দেখা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। 

মরদেহ উদ্ধারের পর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।