২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুরে ট্রাক্টর চাপায় কৃষি কর্মকর্তা নিহত

তিনি উপজেলা কৃষি অফিসে সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

কোটচাঁদপুরে ট্রাক্টর চাপায় কৃষি কর্মকর্তা নিহত

নিহত এসএম লতিফুল কবির।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 10:57 PM

Updated : 10 Feb 2023, 10:57 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইট ভরতি ট্রাক্টর চাপায় এক উপ সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন।

নিহত এসএম লতিফুল কবির (৫৮) ঝিনাইদহ সদর উপজেলার বাতপুকুরিয়া গ্রামের প্রয়াত আবু তাহের বিশ্বাসের ছেলে। এ ছাড়া তিনি  কোটচাঁদপুরে উপ সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন আলি জানান, কৃষি মেলা উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসে প্রস্তুতি সভা ছিল। সভা শেষে লতিফুল কবির মোটরসাইকেলে তার গ্রামে ফিরছিলেন। পথে ফুলবাড়ি গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ইট ভরতি ট্রাক্ট্রর তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। তবে চালক পালিয়েছেন।