২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়েছে, নিম্নাঞ্চলে পানি

ডুবে গেছে নিম্নাঞ্চলের পুকুর ও ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়েছে, নিম্নাঞ্চলে পানি

তিস্তার পানি বেড়ে প্রতিদিনই প্লাবিত হচ্ছে লালমনিরহাটের নতুন নতুন এলাকা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 10:25 PM

Updated : 14 Aug 2023, 10:25 PM

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে তা কমে বিকাল ৩টায় নয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা যায় বলে জানিয়েছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী রাশেদুল ইসলাম। 

বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়া এই পানি এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। ডুবে গেছে পুকুর ও ফসলি জমি। রাস্তাঘাট তলিয়ে ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি। 

পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেইট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। 

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে রয়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈৗলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। 

অন্যদিকে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় ১০টি বাড়ি ভাঙনের কবলে পড়েছে। জেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি শূন্যে নেমেছে। 

মহিষখোচা ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, “প্রায় ২০ দিন পর আবারও তিস্তার পানি বাড়ছে। এতে তিস্তা পাড়ের নিম্ন এলাকায় পানি প্রবেশ করেছে। স্থানীয়রা নদীভাঙন থেকে রক্ষা পেতে বালু দিয়ে একটি বাঁধ নির্মাণ করেছিল। যার নাম দেয়া হলেছিল আশার আলো বাঁধ। সেটিও শেষ পর্যন্ত ভাঙনের কবলে পড়েছে। বাঁধটি ভেঙ্গে গেলে তিন থেকে চারশ বসতবাড়ি, মসজিদ, শতশত একর ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।” 

এ অবস্থায় তিস্তাপাড়ের মানুষের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ। 

আদিতমারীর ইউএনও জি আর সারোয়ার দুপুরে মহিষখোচার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন, মানুষের খোঁজখবর নিয়েছেন। 

পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। 

তিনি বলেন, “খাদ্য, অর্থসহ বিভিন্ন বাজেট রয়েছে। বন্যা মোকাবিলায় উপজেলা পর্যায়ে তা বরাদ্দ দেওয়া হবে।”