কিশোরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক।
নিহতরা হলেন- রিফাত ও জোহরা বেগম। তারা কিশোরগঞ্জ সদরের বাসিন্দা। আর আহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মেহেদী হাসান অনিক, কিশোরগঞ্জ সদরের ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন এবং অজ্ঞাতনামা একজন।
ওসি মোজাম্মেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। নোয়াগাঁও এলাকায় পৌঁছালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
আহতদের মধ্যে মেহেদী হাসান অনিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া ফারিয়া বেগম ও আব্দুল্লাহ আল মামুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অজ্ঞাতনামা আহত ব্যক্তিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। হতাহতদের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
