২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর হাটের আকর্ষণ সম্রাট, আছে কালো পালোয়ান-সাদা পাহাড়

এ বছর নওগাঁয় কোরবানির পশুর চাহিদা ৩ লাখ ৭৫ হাজার, এর বিপরীতে পশু রয়েছে সাত লাখের বেশি।

নওগাঁর হাটের আকর্ষণ সম্রাট, আছে কালো পালোয়ান-সাদা পাহাড়

৩৫ মণ ওজনের আমেরিকান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

সাদেকুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 12:08 AM

Updated : 28 Jun 2023, 12:08 AM

কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন। নওগাঁর পশুর হাটগুলোয় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 

নওগাঁর হাটে এ বছরের সেরা আকর্ষণ চার বছর বয়সী ষাঁড় সম্রাট। প্রায় ৩৫ মন ওজনের ষাঁড়টির রাজকীয় চালচলনের কারণে আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের খামারি ফিরোজ হোসেন এর এমন নামকরণ করেছেন। 

তিনি জানালেন, শখের বশে ষাঁড়টি পালন করেছেন। মানসম্মত খাদ্য ও পরিচর্যার মাধ্যমে লালন-পালন করা সম্রাটের দাম তিনি হেঁকেছেন ১৫ লাখ টাকা। 

সম্রাট ছাড়াও হাটে উঠেছে নওগাঁ সদরের পারবোয়ালিয়া গ্রামের গৃহবধূ তিথির পালিত ২৪ মণ ওজনের কালো পালোয়ান এবং ২৩ মণের সাদা পাহাড় নামের দুটি ষাঁড়। প্রতিটি ১৩ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা তার। 

ফিরোজ হোসেন বলেন, আমেরিকান ফ্রিজিয়ান জাতের ষাঁড় সম্রাটকে মোটা-তাজা করার জন্য কোনো ধরনের ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। এর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং দৈর্ঘ্য ৮ ফুট। বড় হওয়ার পর থেকে সম্রাটের পেছনে তার ব্যয় হয়েছে দৈনিক ৮০০ থেকে এক হাজার টাকা। এর খাবারের তালিকায় ছিল কাঁচা ঘাস, ভুসি, মাসকলাই, মসুর, খেসারি ডাল, বিচিকলা ইত্যাদি। 

তিনি ১৫ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা করলেও এখন পর্যন্ত সর্বোচ্চ সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে সম্রাটের। তাই ক্রেতার অপেক্ষায় রয়েছেন ফিরোজ। 

জেলা প্রাণিসম্পদ কর্মকতা মহির উদ্দিন জানান, এ বছর নওগাঁয় কোরবানির পশুর চাহিদা ৩ লাখ ৭৫ হাজার। এর বিপরীতে পশু রয়েছে সাত লাখের বেশি। ছোট-বড় ৩২ হাজার খামারে এসব পশু লালনপালন করা হয়েছে। এছাড়া বড় ষাঁড় রয়েছে ২০টি। 

এ বছর পশুর হাটে বড় গরুর চেয়ে মাঝারি বা ছোট আকারের গরুর চাহিদা বেশি বলে জানালেন সদরের বরুণকান্দি গ্রামের কাউবয় এগ্রো ফার্মের মালিক ফিরোজ আহমেদ চৌধুরী। 

তিনি জানান, এবার পশুর দামও বেশি। মূলত গবাদি পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের চেয়ে গরুপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা দাম বেড়েছে।