লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫
দুই দলের নেতা-কর্মীরা একে অপরের উপর দোষ চাপিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবারের এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ নেতা-কর্মীর আহতের খবর পাওয়া গেছে।
দুই দলের নেতা-কর্মীরা একে অপরের উপর দোষ চাপিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল।
তার দাবি, বিএনপির পদযাত্রায় হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে তাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
এদিকে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব বলেন, “আওয়ামী লীগের শান্তি সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছিল। হঠাৎ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে হামলা চালান।
“হামলায় আমি নিজেও আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।”
তবে হামলার অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল মজিদ মণ্ডল।
তিনি জানান, মহেন্দ্রনগরের বুড়ীরবাজার থেকে কেন্দ্র ঘোষিত পদযাত্রা বের করে বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে পদযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়।
পরে স্থানীয় বিএনপির কার্যালয়, তার বাড়ি, কয়েকটি দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ মজিদ মণ্ডলের।
“আওয়ামী লীগের এ হামলায় বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।”
এদিকে বুড়িরবাজারে এক ব্যবসায়ীর পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।
পাট ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, “বিএনপির লোকজন আমার বুড়ির বাজারের পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে আমার ৫০০ মণ পাট পুড়ে যায়। আমি নিঃস্ব হয়ে গেলাম।”
মহেন্দ্রনগর ইউনিয়ন ছাড়াও হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, ফকিরপাড়া ইউনিয়নসহ বেশকিছু এলাকায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দুই দলের অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স ও পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
