২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ বছর পর হলে গিয়ে সিনেমা দেখল রাজশাহী

সর্বশেষ ‘উপহার’ সিনেমা হলটি বন্ধ হয় ২০১৮ সালের অক্টোবর মাসে।

সাড়ে ৪ বছর পর হলে গিয়ে সিনেমা দেখল রাজশাহী

সোমবার রাজশাহী হাইটেক পার্কে উদ্বোধন হলো একটি সিনেপ্লেক্সের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 03:29 PM

Updated : 12 Dec 2022, 06:30 PM

‘কল্পনা’ সিনেমা হলের নামে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার একটি মোড়ের নাম ‘কল্পনা মোড়’। নিউ মার্কেট এলাকার ‘উপহার’ সিনেমা হলের নামে হয়েছে ‘উপহার মোড়’। ‘বর্ণালী’ হলের নামে হয়েছে ‘বর্ণালী মোড়’। রাণীবাজার এলাকায় ‘অলোকা’ হলের নামে ‘অলোকার মোড়’।

বর্তমানে এসব সিনেমা হলের কোনোটিরই আর অস্তিত্ব নেই। তবে হলগুলোর নামেই পরিচিত রাজশাহী নগরীর কয়েকটি মোড় এখনও রয়ে গেছে কালের সাক্ষী হিসেবে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী নগর ও উপকণ্ঠে সাতটি সিনেমা হল ছিল। আশির দশক থেকে চলতি শতব্দীর প্রথম দশক পর্যন্ত ভালোই চলছিল এসব সিনেমা হল। তবে লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০১০ সালের পর জেলায় একে একে বন্ধ হতে থাকে এসব সিনেমা হল।

সর্বশেষ ‘উপহার’ সিনেমা হলটি বন্ধ হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। এরপরই হলে গিয়ে সিনেমা দেখা থেকে বঞ্চিত ছিলেন রাজশাহীবাসী। চাইলেও আর বড় পর্দায় বিনোদনের স্বাদ নিতে পারতেন না দর্শকরা। দীর্ঘ সাড়ে চার বছর পর সেই খরা কাটল।

সোমবার রাজশাহী হাইটেক পার্কে উদ্বোধন হলো একটি সিনেপ্লেক্সের। স্টার সিনেপ্লেক্স এটি পরিচালনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর ‘মুজিব আমার পিতা’ নামের একটি সিনেমা দেখানো হয় দর্শকদের।

কর্তৃপক্ষ জানায়, রাজশাহীতে হাইটেক পার্কের একটি অংশে রয়েছে স্টার সিনেপ্লেক্স। এতে রয়েছে ১৭২টি আসন। এখানে সিনেমার পাশাপাশি আইটি কর্তৃপক্ষের প্রশিক্ষণের কাজও চলবে। পাঁচ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।

রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্কের প্রকল্প পরিচালক ফজলুর হক বলেন, রাজশাহী হাইটেক পার্কের একটি অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। এখানে শুধু সিনেমা দেখানো হবে এমনটি নয়। এখানে পার্কের সব প্রতিষ্ঠান তাদের প্রজেক্টের ট্রেনিং, অডিও ভিজ্যুয়াল দেখাতে পারবে।

প্রকল্প পরিচালক আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী হাইটেক পার্কের বঙ্গবন্ধু মিউজিয়াম, জয় সিলিকন টাওয়ার ও রাজশাহী সিনেপ্লেক্সের উদ্বোধন করেছেন। আমাদের পুরো প্রকল্প এখনও শেষ হয়নি। আমাদের প্রজেক্টের এখন পর্যন্ত ৮৮ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ হতে আরও ছয়মাসের মতো সময় লাগতে পারে।”

স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং বিভাগের কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহম্মেদ বলেন, “রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এর আগে ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের শাখা করা হয়েছে। এখন রাজশাহীতে যাত্রা শুরু করল স্টার সিনেপ্লেক্স।“

এদিকে, রাজশাহীবাসীর হলে গিয়ে সিনেমা দেখার যে অভাব তা সিনেপ্লেক্স কিছুটা পূরণ করতে পারবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে মূল দর্শকের চাহিদা পূরণে প্রেক্ষাগৃহ চালুর দাবি জানিয়েছেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা মোজাম্মেল হোসেন সাজ্জাদ বকুল বলেন, “রাজশাহীবাসী একটি দীর্ঘ সময় হলে গিয়ে সিনেমা দেখা থেকে বঞ্চিত ছিল। রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স চালু আমাদের জন্য বড় সুখবর। এটি আমাদের বহুদিনের চাওয়াকে পূরণ করল।”

“তবে রাজশাহীবাসীর আয়ের ওপর নির্ভর করে টিকিটের দাম নির্ধারণ করতে হবে। যাতে সাবই মিলে এর সুবিধা নিতে পারেন।”