বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ধুনটে ককটেল বিস্ফোরণ ও মশাল মিছিলের মামলায় দুই নেতাকে পাঠানো হলো কারাগারে।
বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, রোববার গভীর রাতে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রঞ্জু মণ্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের মানব সম্পদবিষয়ক সম্পাদক শিপন (২৬) এবং ইউসুফ হারুন সুলতানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)।
ওসি বলেন, মামলায় সরাসরি নাম না থাকলেও তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ওই দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে ধুনটের ভুবনগাঁতি এলাকার পাকা রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ৩৫ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিপন ও বাবুকে গ্রেপ্তার দেখানো হয়।
