২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাককে পেছন থেকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

গাইবান্ধায় রাস্তা পারাপারের সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে রংপুরগামী ট্রাকটি ব্রেক করলে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 10:18 PM

Updated : 30 Dec 2023, 10:18 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাককে পেছন থেকে বাসের ধাক্কায় ট্রাক উল্টে চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন পাঁচ বাসযাত্রী।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান।

নিহতরা হলেন- ট্রাকচালক মজনু মিয়া (৩২) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বালুয়া গ্রামের আজিবর রহমানের ছেলে এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে বাসযাত্রী আবদুল মমিন মিয়া (২৫)।

তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে রংপুরগামী একটি ড্রামট্রাক ব্রেক করে। এ সময় রংপুরগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া বাস চালকের সহকারীসহ ছয়জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়া মারা যান।

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দের কথা জানিয়ে ওসি মাহবুর বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।