মুন্সীগঞ্জে ‘বন্ধুর’ হাতে স্কুল ছাত্র খুন
এক বন্ধু গলা টিপে ধরলে এই কিশোর মাটিতে লুটিয়ে পড়ে।
মুন্সীগঞ্জ সদরে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কিশোর (১৬) ওই এলাকার বাসিন্দা এবং ওই পৌরসভার রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
একই এলাকার এক কিশোর (১৬) তাকে গলাটিপে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের। এই কিশোর তিলারদিচরের বাসিন্দা এবং স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী।
নিহতের বোনের অভিযোগ, ইফতারের পর এ দুই কিশোর একসঙ্গে ঘোরাঘুরি করছিল বাড়ির বাইরে। সন্ধ্যার পর তিলারদিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে ওঠে দুইজন।
তিনি বলেন, এক সময় তার ভাই অপর কিশোরকে ধাক্কা দিলে সে তার ভাইয়ের গলা টিপে ধরে। এক পর্যায়ে তার ভাই মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে তার স্বজনসহ স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান বলেন, রাত সোয়া ৮টার দিকে ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সদর হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই কিশোরের মধ্যে সামান্য ঘটনা নিয়ে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
