২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে খালে মিলল ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ

পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 03:32 PM

Updated : 06 Mar 2024, 03:32 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় খালে ভাসমান অবস্থায় এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলা পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খালে লাশটি পাওয়ায় যায় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান।

নিহত মো. নুরুজ্জামান (২৬) উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া কাঠবনিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক ছিলেন।

ওসি ওসমান বলেন, ওই এলাকায় কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় জেলে আবুল হোসেন। এক পর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

“নিহত নুরুজ্জামানের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা তাও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।“

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।