কুষ্টিয়ায় হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাজা, সবাই কিশোর
রায় ঘোষণার সময় অর্ধশতাধিক কিশোর আদালতে উপস্থিত ছিল।
কুষ্টিয়ায় কলেজছাত্র হৃদয় শেখকে হত্যাচেষ্টা মামলায় সাত কিশোরকে তিন বছরের সাজা দিয়েছে আদালত।
রোববার দুপুরের কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) কাজী সাইফুদ্দীন বাপী জানান।
সাজাপ্রাপ্তরা সবাই কথিত ‘বিএসবি গ্রুপের’ সদস্য। তাদের মধ্যে একজন পলাতক রয়েছে।
মামলার বরাতে আইনজীবী কাজী সাইফুদ্দীন বাপী বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০২০ সালের ১২ নভেম্বর শহরের এনএস রোড এলাকায় মসজিদের সামনে কলেজছাত্র হৃদয়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কয়েক কিশোর।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন মাস চিকিৎসা নেয় হৃদয়।”
এ ঘটনায় হৃদয়ের বাবা মোহাম্মদ শেখ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩-৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কাদেরী ২০২০ সালের ৩১ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন বলে জানান আইনজীবী কাজী সাইফুদ্দীন বাপী।
এদিকে রায় ঘোষণার পর ছবি তোলায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের গালিগালাজ করে দণ্ডপ্রাপ্তরা। রায় ঘোষণার সময় অর্ধশতাধিক কিশোর আদালতে উপস্থিত ছিল।
