ব্রি’র ৫০ বছর: বৃহস্পতিবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
এদিন বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন তিনি।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রি’র ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সেখানে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন তিনি।
বুধবার বিকালে ব্রি’র জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করবেন।
ব্রি’তে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ইনস্টিটিউটটির ৫০ বছর উপলক্ষে বেলুন ও পায়রা উড়ানো, বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন এবং ব্রি’র ইনোভেশনস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় পর্বে গীতি আলেখ্য ’ধানকাব্য’ পরিবেশনা, ব্রি’র মহাপরিচালকের স্বাগত বক্তব্য ও সাফল্যের ৫০ বছরের তথ্যচিত্র প্রদর্শন, বিশেষ অতিথিদের বক্তব্যের পর ব্রি ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। সবশেষে তিনি ভাষণ দেবেন।
