২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মুনা নড়বড়ে সাঁকো থেকে নীচে পড়ে ডুবে যায়।

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 10:40 PM

Updated : 23 Jul 2023, 10:40 PM

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার বিকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী এবং জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামের দুই শিশু মারা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

নিহতরা হলো- চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামের ময়মুনা আক্তার (৬) এবং জয়কলস সড়কহাটি গ্রামের রায়হান মিয়া (২)।

পশ্চিম পাগলা ইউপির চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, বিকাল সাড়ে ৪টায় চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামের সাঁকো পার হচ্ছিল ময়মুনা আক্তার। এ সময় নড়বড়ে সাঁকো থেকে নীচে পড়ে ডুবে যায় সে।

লোকজন দেখে পরিবারকে জানায়। তখন স্বজনরা গিয়ে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করে। 

অপরদিকে জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, জয়কলস সড়কহাটি গ্রামের রায়হানদের বাড়ি হাওরের পাড়ে। পরিবারের লোকজনের অগোচারে সে বসতঘরের পাশের পানিতে ডুবে যায়।

পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে শেষে হাওরে খুঁজতে নামেন। প্রায় দুই ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।

জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শিশুদের মৃত্যুর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।