ভোলায় ‘১০ হাজার ইয়াবাসহ’ স্বামী-স্ত্রী আটক
এ ছাড়া তাদের কাছে মাদক সেবনের উপকরণ, ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরি পাইপও পাওয়া যায় বলে দাবি কোস্টগার্ডের।
ভোলায় ‘১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ’ এক দম্পতিকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার মধ্যরাতে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: নোয়াখালীর সেনবাগ থানাধীন রাজারামপুর গ্রামের মো. ইউনুস (৪৪) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার মধ্যরাতে ওই এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে তিনটি হটপটের ভেতরে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
এ ছাড়া তাদের কাছে ইয়াবা সেবনের উপকরণ, ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরি পাইপও পাওয়া যায়।
কোস্টগার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভোলার লালমোহন উপজেলার আঞ্জুরহাট এলাকা থেকে এসব মাদক নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন বলে তাদের কাছে স্বীকার করেন।
কোস্টগার্ড আরও জানায়, সদর থানায় মাদক আইনে মামলার পর আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
