২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবি নাট্য পরিষদের

প্রতিবাদী গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে অবস্থান কর্মসূচি পালিত হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 11:19 PM

Updated : 27 Jan 2024, 11:19 PM

সিলেট নগরীর রিকাবিবাজাররে কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাট্য পরিষদ।

শনিবার বিকালে স্থানীয় শিল্পীদের প্রতিবাদী গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তর সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ বক্তব্য দেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপুর্ব শর্মা, নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই ও আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সুকান্ত গুপ্ত বক্তব্য দেন।

দুই বছর ধরে অডিটোরিয়ামটি সংস্কারের দাবি করা হচ্ছে কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি বলে জানান রজত কান্তি গুপ্ত।

তিনি বলেন, “অডিটোরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়েছে। মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত, মুক্তমঞ্চ রংসহ বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষ উদাসীন।

“প্রধানমন্ত্রী আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।”

সংহতি জানিয়ে কর্মসূচিতে কবি এ কে শেরাম, নাট্য সংগঠক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সংস্কৃতিজন বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, নাট্যজন আশুতোষ ভৌমিক বিমল, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু কুমার দাশ, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, কবি আবিদ ফয়সাল, আবৃত্তি শিল্পী নাজমা পারভিন, নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল, রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিকাশ কান্তি দাস, সাধারণ সম্পাদক অরবিন্দ দাশগুপ্ত বিভু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম ভূঁইয়া রানা উপস্থিত ছিলেন।