নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাওয়াল খানম
চুক্তিতে আগামী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন।
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন লেখক ও গবেষক শাওয়াল খানম।
চুক্তিতে এক বছরের জন্য তাকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে তিনি বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেন।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব সামলাবেন।
প্রজ্ঞাপনে তার নাম ‘শাওয়াল খানম’ থাকলেও সাহিত্য ও কর্মক্ষেত্রে তিনি ‘শাওয়াল খান’ নামে পরিচিত।
আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে তিনি ইনস্টিটিউটে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গতানুগতিক ধারার ‘বাইরে গিয়ে’ প্রতিষ্ঠানের জন্য অর্থবহ কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “কবি নজরুল আমাদের জাতীয় কবি এবং দেশের সকল শিল্পী-সাহিত্যিকের পরিচয়ের অন্যতম প্রধান মাধ্যম। তাই সব ক্ষেত্রেই তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
“এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্যও বিশাল সৌভাগ্যের। নজরুল তো আমাদের নিজেদেরই। নজরুলের সেই শক্তিকে আমি যতটুকু পারি দেশের ভেতরে এবং বাইরে, নজরুল ইনস্টিটিউটের পক্ষে যতটুকু সম্ভব তা দিয়ে কাজে লাগাব। বেশ কিছু পরিকল্পনা আছে, আশা করছি সামনের দিনগুলো সুন্দর হবে।”
নজরুলের সাহিত্যকর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “নজরুলের কবিতা, গান ও উপন্যাসগুলো শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ না রেখে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চাই। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিরা কাজ করেন এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেসব দেশের ভাষায় নজরুলের রচনাবলি অনুবাদের উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে।”
নতুন প্রজন্ম ও শিশু-কিশোরদের মাঝে নজরুলচর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে শাওয়াল খানম বলেন, “বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলের প্রসারের কারণে অনেক শিশু-কিশোরই নজরুলের সাহিত্য ও চর্চার সঙ্গে সেভাবে যুক্ত হতে পারছে না। নতুন প্রজন্মের কাছে নজরুলকে কীভাবে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
শাওয়াল খানমের জন্ম কক্সবাজারের মহেশখালীতে। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৮ সালে নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত ‘নজরুল রচনাসমগ্র’ সম্পাদনা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শাওয়াল খানমের গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত দুই খণ্ডের ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’ (২০২৬), ‘শিক্ষাজগৎ’ (২০০৯ ও ২০২৫), গল্পগ্রন্থ ‘অক্টোপাস’ (১৯৯৬)।
শিশুদের জন্য লিখেছেন ‘বর্ণেরছড়া ও বর্ণপরিচয়’ (২০২২) এবং ‘ট্রু ফ্রেন্ডস অব চিলড্রেন: ইংলিশ অ্যালফাবেটিক্যাল রাইমস’ (২০২২)। তার সম্পাদিত ও সহ-লেখক হিসেবে প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘শিক্ষাই আমার প্রথম চাওয়া’, ‘দুর্যোগ মোকাবেলায় আমরা’ (সিরিজ ১-৪) এবং ‘হেলেন কেলারের শিক্ষক’ (অনুবাদ গ্রন্থ)।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়। গত সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
