২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীর ফেইসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানোর অভিযোগ

এ ঘটনায় বগুড়া-৬ আসনে ঈগলের প্রার্থী থানায় অভিযোগ করেছেন।

প্রার্থীর ফেইসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানোর অভিযোগ

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 05:36 PM

Updated : 06 Jan 2024, 05:36 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেইসবুক আইডি হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর ছড়িয়েছে।

এ ঘটনা প্রতিবাদে শনিবার দুপুর ২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঈগলের প্রার্থী মিঠু। পাশাপাশি থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মিঠু বলেন, “৭ জানুয়ারির ভোটে আমার জয় নিশ্চিত জেনে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। মহলটি আমার ফেইসবুক আইডি হ্যাক করেছে।”

বিষয়টি জানতে পেরে সদর থানায় অভিযোগের পাশাপাশি নির্বাচনের সঙ্গে জড়িয়ে সংশ্লিষ্ট সব মহলকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত তাদের গ্রেপ্তার না করলে আবারও অপপ্রচারকারীরা নির্বাচনে ক্ষতি করতে পারেন।

রোববারের নির্বাচনে সকল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী মিঠু।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ঈগল), আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (নৌকা), জাতীয় পার্টির আজিজ আহম্মেদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (ট্রাক) এবং ন্যাশনাল পিপলস্ পার্টির শহিদুল ইসলাম (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।