কুমিল্লায় ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
রায় ঘোষণার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
কুমিল্লার মনোহরগঞ্জে দশ বছরের শিশুকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া ও আমির হামজা।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো.মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান।
মামলার বরাতে প্রদীপ বলেন, ২০১৮ সালের ৫ মার্চ শিশুটির বড় বোনকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢোকে আসামিরা। এ সময় বড় বোনকে না পেয়ে ছোট বোনকে ধর্ষণ করে তাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে ময়নাতদন্তে শিশুটির মরদেহে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার দিন নিহত শিশুর বাবা পাশের জমিতে ওষুধ দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। আর মা ছিলেন মৌলভীবাজার জেলায় এক আত্মীয়ের বাড়িতে।
হত্যাকাণ্ডের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। এ মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা চাই দ্রুত রায় কার্যকর করা হোক। মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে।”
