২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছাত্রী হত্যা: গ্রেপ্তার সাইদুল রিমান্ডে

শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন; পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে গাজীপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।

গাজীপুরে ছাত্রী হত্যা: গ্রেপ্তার সাইদুল রিমান্ডে

গ্রেপ্তার সাইদুলকে নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2023, 01:26 AM

Updated : 12 May 2023, 01:26 AM

গাজীপুর নগরীর সালনায় বাসায় ঢুকে কলেজছাত্রী হত্যায় গ্রেপ্তার সাইদুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক নিয়াজ মখদুম এ আদেশ দেন।

গাজীপুর মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশনের সহকারী কমিশনার আহসানুল হক জানান, গাজীপুর সদর থানা পুলিশ সাইদুল ইসলামকে সাতদিনের রিমান্ড আবেদন করে বিকালে আদালতে হাজির করে।

“শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।”

পুরনো খবর:

রাবেয়াকে হত্যা করতে ৬৫০ টাকায় চাকু বানিয়ে নেন সাইদুল
গাজীপুরে ঘরে ঢুকে ছাত্রীকে খুনের আসামি গ্রেপ্তার
‘বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান’, বাড়িতে ঢুকে ছাত্রীকে হত্যা

হত্যাকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‍্যাব হত্যাকাণ্ডে জড়িত কোর-আন শিক্ষককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় বুধবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১–এর একটি দল টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান ও একমাত্র আসামি সাইদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাইদুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের বাসিন্দা।

নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনার আবদুর রউফের মেয়ে।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, কুমিল্লার হোমনার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা আবদুর রউফ সালনা বাজারে একটি শোরুমে চাকরি করেন। সেখানেই সপরিবারে বসবাস করেন।

ছোট দুই মেয়েকে কোর-আন শিক্ষার জন্য সাইদুল ইসলামকে গৃহশিক্ষক রাখেন আবদুর রউফ। সাইদুল রাবেয়াকে বিয়ে করার জন্য তার পরিবারের কাছে প্রস্তাব দিয়েছিলেন। বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সাইদুল রাবেয়াকে বিভিন্নভাবে বিয়ে করার চেষ্টা করেন। এক পর্যায়ে সাইদুলকে পড়াতে নিষেধ করেন রউফ।

মামলার নথি থেকে জানা যায়, সাইদুল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাসায় প্রবেশ করে রাবেয়াকে ছুরি দিয়ে মাথা, গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। রাবেয়ার চিৎকারে মা ও দুই বোন দৌড়ে তার ঘরে গিয়ে দেখেন, সাইদুল ছুরি দিয়ে তখনও রাবেয়াকে আঘাত করছেন। এ সময় বাধা দিলে ছুরি দিয়ে তিনি অন্যদেরও আঘাত করে পালিয়ে যান সাইদুল।

রাবেয়ার বাবা আবদুর রউফ বলেন, “সাইদুল আমাদের গৃহশিক্ষক ছিল। ছোট দুই মেয়েকে সে কোরআন পড়াত। সে আমার বড় মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে আমরা সরাসরি না করে দিই; যার কারণেই সে বাড়িতে ঢুকে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।”