২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাবেয়াকে হত্যা করতে ৬৫০ টাকায় চাকু বানিয়ে নেন সাইদুল

সাইদুল জানিয়েছেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবেয়াকে কোপান তিনি। আর এজন্য আগেরদিন স্থানীয় বাজার থেকে গরু জবাইয়ের একটি চাকু বানিয়েছিলেন।

রাবেয়াকে হত্যা করতে ৬৫০ টাকায় চাকু বানিয়ে নেন সাইদুল

গ্রেপ্তার সাইদুলকে নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 03:54 PM

Updated : 11 May 2023, 06:09 PM

গাজীপুরে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার আগের দিন সন্দেহভাজন মো. সাইদুল ইসলাম গরু জবাইয়ের চাকু বানিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছে র‌্যাব। 

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বৃহস্পতিবার কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার সাইদুলকে জিজ্ঞাসাবাদে তারা এই তথ্য পেয়েছেন। 

বুধবার রাতে টাঙ্গাইলের ভুঞাপুর থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন বলে র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৯ মে সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় রাবেয়াদের বাড়িতে তাকে সাইদুল কোপান বলে মামলায় বলা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। 

খন্দকার আল মঈন বলেন, রাবেয়ার সঙ্গে তার দুই বোনকে আরবি পড়াতেন সাইদুল। এক পর্যায়ে রাবেয়ার সঙ্গে তার 'সুসম্পর্ক' তৈরি হয়। রাবেয়াকে সাইদুল বিয়ে করতে চান জানতে পেরে তাকে বাসায় আসতে নিষেধ করা হয়। 

“এরপর থেকে রাবেয়াকে নানাভাবে উত্ত্যক্ত করত সাইদুল, এ নিয়ে থানায় একটি জিডি করার পর পুলিশ তাকে (সাইদুল) সতর্ক করে দেয়।“

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এরপর সাইদুল কিছুদিন চুপচাপ থাকলেও গত দুই মাস ধরে রাবেয়ার কলেজে আসা-যাওয়ার পথে আবার উত্ত্যক্ত করতে থাকেন এবং বিয়ের প্রস্তাবে রাজি না হলে প্রাণনাশের হুমকি দেন।

তিনি বলেন, “এক পর্যায়ে সাইদুল জানতে পারে রাবেয়া উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি সে মেনে নিতে না পেরে হত্যার পরিকল্পনা করে।

পুরনো খবর:

গাজীপুরে ঘরে ঢুকে ছাত্রীকে খুনের আসামি গ্রেপ্তার
‘বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান’, বাড়িতে ঢুকে ছাত্রীকে হত্যা

“হত্যার আগের দিন স্থানীয় বাজার থেকে ৬৫০ টাকায় গরু জবাইয়ের একটি চাকু বানানোর অর্ডার দেয় সে। পরদিন সেই চাকু নিয়ে রাবেয়ার বাসায় ঢুকে সরাসরি তার ঘরে যায়। সেখানেও বিয়ের কথা বলে এবং রাবেয়া রাজি না হওয়ায় তাকে কোপাতে থাকে। রাবেয়ার চিৎকারে তার মা-বোন ছুটে আসলে তাদেরকেও কোপায় সাইদুল।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের মুক্তাগাছার ফজলুল হকের ছেলে সাইদুল চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন।

আর রাবেয়া ২০২০ সালে জয়দেবপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাস করে গাজীপুরের চৌরাস্তা এলাকার একটি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। পাশাপাশি প্রসাধনী বিক্রির একটি অনলাইন শপেও কাজ করতেন তিনি।