২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেলক্রসিং বারের নীচ দিয়ে পার: নরসিংদীতে প্রকৌশলীর মৃত্যু

অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গীর উদ্দেশ্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন খোরশেদ আলম।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 04:00 PM

Updated : 04 Apr 2023, 04:00 PM

নরসিংদীর পলাশ উপজেলায় বাঁশের বার ফেলার পরও রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৯টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। 

নিহত মো. খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। 

৪৫ বছরের খোরশেদ পরিবার নিয়ে বিদ্যুৎকেন্দ্রের মাধবী কোয়ার্টারে বসবাস করতেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন খোরশেদ আলম। 

চামরাব এলাকার রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন বলেন, “সকাল ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল আসার খবরে বাঁশ দিয়ে রেলক্রসিংটি আটকে দেই। 

“কিন্তু খোরশেদ আলম বাঁশের নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে রেললাইনে প্রবেশ করেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” 

এসআই সাইফুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ আসার আগেই স্বজনরা মরদেহটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রেল পুলিশের এই কর্মকর্তা।