ঠাকুরগাঁওয়ে সবজি বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু
ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন বলে জানান ওসি।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সবজি বোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৫ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ির চেপটিগুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. ফিরোজ কবির জানান।
নিহতরা হলেন- ওই উপজেলার কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আশরাফুল (৩০) এবং একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সহিবর (৪২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ফিরোজ বলেন, সদর উপজেলা থেকে ১৭ শ্রমিক নিয়ে সবজি বোঝায় একটি ট্রাক ঠাকুরগাঁও শহরের উদ্দেশ্যে রওনা হয়। পথে ওই এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এসময় পুলিশ ও স্থানীয় লোকজন ট্রাকের নিচে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ভর্তির করার উদ্দেশ্যে রওনা হয়। পথে আশরাফুলের মৃত্যু হয়।
এরপর গুরুত্ব আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহিবরের মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
