২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবককে হত্যার অভিযোগ, বাবা-ভাই গ্রেপ্তার

পুলিশ জানায়, শনিবার বাবা ও ছেলেকে আদালতে তোলা হবে।

সিলেটে যুবককে হত্যার অভিযোগ, বাবা-ভাই গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 09:00 PM

Updated : 24 Mar 2023, 09:00 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিখাল‌ গ্রামে ঘটনাটি ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানিয়েছেন।

নিহত ৩৫ বছর বয়সী দুলাল মিয়া ওই গ্রামের নিম্বর আলীর (৭০) ছেলে। অপর গ্রেপ্তার আলাল (২৫) নিহতের ছোট ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাড়ির সামনে দুলাল তার ছোট ভাই আলালকে মারধর করছিলেন; খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিম্বর আলী।

“এ সময় নিম্বর তার হাতে থাকা কাঠের বাতা দিয়ে দুলালকে উপর্যুপরি আঘাত করেন। এতে দুলাল নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন।”

পরে দুলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলার কথা জানিয়ে ওসি হিল্লোল রায় জানান, শনিবার বাবা ও ছেলেকে আদালতে তোলা হবে।