২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মা ও দুই শিশুর লাশ উদ্ধার, ‌‌'রহস্যজনক' বলছে পুলিশ

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে কিনা জানতে চাইলে সীমার বাবা বলেন, “এমন কথা মেয়ে কখনো জানায়নি।”

চাঁদপুরে মা ও দুই শিশুর লাশ উদ্ধার, ‌‌'রহস্যজনক' বলছে পুলিশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের রাঢ়ী বাড়িতে নিহতের স্বজনরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 06:14 PM

Updated : 09 Apr 2024, 07:05 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রবাস ফেরত এক যুবকের স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের রাঢ়ী বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান। 

নিহতরা হলেন- গ্রামের মো. আরিফের স্ত্রী ফাতেমা আক্তার সীমা, তাদের চার বছরের মেয়ে আরিফা এবং দুই বছরের মেয়ে আরিয়া। 

এ ঘটনার পর আরিফ ও সীমার পরিবারের সদস্যরা বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সীমার বাবার বাড়ি পাশের হাইমচর উপজেলার আলগী গ্রামে। ঘটনার খবর পেয়ে সীমার বাবা মোস্তফা কোতোয়াল ও পরিবারের স্বজনরা ফরিদগঞ্জে ছুটে আসেন।

মোস্তফা কোতোয়াল সাংবাদিকদের বলেন, সামাজিকভাবে ছয় বছর আগে চার লাখ টাকা কাবিনে আরিফের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের পর আরিফ কর্মসংস্থানের জন্য দুবাইতে যান। একমাস আগে বাড়িতে এসেছেন। 

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে কিনা জানতে চাইলে সীমার বাবা বলেন, “এমন কথা মেয়ে কখনো জানায়নি।” 

ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, “আরিফের দালান ঘরে এসে আমরা তার স্ত্রী ও দুই শিশু সন্তান ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।” 

ঘটনাটি ‘রহস্যজনক’ উল্লেখ করে ওসি বলেন, “কারণ, তাদের আর্থিক অবস্থা ভাল। দরিদ্র পরিবার মনে হয়নি। তাদের মধ্যে বন্ধন সুদৃঢ়। আরিফের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে স্ত্রী এমনটা সন্দেহ করতেন। 

“আমাদের ধারণা, পরকীয়ার বিষয়টিকে কেন্দ্র করেই এই আত্মহত্যার ঘটনাটি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে”, বলেন ওসি। 

এ বিষয়ে আরিফের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে কেউই বক্তব্য দিতে রাজি হননি।