ফেনী শহরের কোরবানির বর্জ্য ৬ ঘণ্টায় অপসারণের প্রতিশ্রুতি
“শুধু প্রধান সড়ক নয়, অলিগলি থেকেও বর্জ্য অপসারণ করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
ফেনীতে পশু কোরবানি শেষ হওয়ার ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে পৌরসভা কর্তৃপক্ষ।
রোববার ফেনী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
অনুষ্ঠানে পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলদের মাঝে আনুষ্ঠানিকভাবে ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এ সময় পৌর মেয়র বলেন, “পৌরসভার নির্ধারিত ৮১টি স্থানে পশু জবাই করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাইকিংও করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে প্রতি ওয়ার্ডের জন্য ১ হাজার ব্যাগ দেওয়া হয়েছে। ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। দুপুর ১টা থেকে সেবকরা কাজ করবেন এবং সন্ধ্যা ৭টার মধ্যেই সববর্জ্য অপসারিত হবে।”
পৌরসভায় ১২টি টিমে ৯২ জন সেবক কাজ করবেন জানিয়ে মেয়র বলেন, “শুধু প্রধান সড়ক নয়, অলিগলি থেকেও বর্জ্য অপসারণ করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। শহর দুর্গন্ধমুক্ত করতে বিভিন্ন সড়ক ও পাড়ায় পানি-ব্লিচিং পাউডারও ছিটানো হবে।”
পরিচ্ছন্নতা কর্মীদের যে টিম যথাযথ দায়িত্ব পালন করবে তাদের পুরষ্কৃত করা হবে বলেও ঘোষণা দেন নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
তিনি বলেন, “বর্জ্য অপসারণের কাজ করার কারণে সেবকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন। এ জন্য ঈদের পরের দিন তাদের জন্য বিনোদন ও খাওয়ার ব্যবস্থা করা হবে। ঈদ উপলক্ষে তাদের জন্য দুটি বড় গরু ও চারটি ছাগল জবাই করে খাওয়ানোর আয়োজন করা হয়েছে।”
পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভাকে সহায়তা করতে পৌরবাসীকে অনুরোধ জানান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উদ হাসান।
পৌরসভা সূত্র জানিয়েছে, শহরের ১৮টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করতে গঠিত ১২টি টিমের প্রতিটির জন্য রয়েছেন একজন করে সুপারভাইজার ও একটি করে ট্রাক্টর। এ ছাড়া একটি ভ্রাম্যমান টিম, একটি পানির গাড়ি ও একটি গাড়ি নিয়োজিত থাকবে। প্রতিটি টিমকে ১০০ করে ব্যাগ দেওয়া হয়েছে। এসব টিমের তদারকি করতে তিনজনকে দায়িত্বও দেওয়া হয়েছে।
এর মধ্যে এক থেকে ছয় নম্বর ওয়ার্ডের তদারকির দায়িত্ব পেয়েছেন স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, সাত থেকে ১২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাজাহান এবং ১৩ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের তদারকির দায়িত্বে থাকবেন কনজারভেন্সি ইন্সপেক্টর সরোয়ার আলম।
পৌর মেয়রের সভাপতিত্বে সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
