২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ধর্ষণ ও চুরি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ হোসেন জানান, মামলা হওয়ার পরে মিলন ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে।

নাটোরে ধর্ষণ ও চুরি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে আটক মো. মিলন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 10:17 AM

Updated : 04 Jul 2023, 10:17 AM

নাটোর নলডাঙ্গা উপজেলায় ধর্ষণ ও চুরি মামলায় পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ভট্টপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব-৫ রাজশাহী, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আটক মো. মিলন (৪০) নাটোর সদরের মল্লিকহাটি এলাকার মো. মুসার ছেলে। 

মামলার বরাতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামি মো. মিলন  প্রতিনিয়ত ভিকটিমকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে রাজি না হলে আসামি বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করত। এক পর্যায়ে গত ২৬ মে আসামি জোরপূর্বক ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। 

পরবর্তীতে গত ৫ জুন মিলন অপর দুই সহযোগীর সহায়তায় রাতে ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে মারধর ও ধর্ষণ করে এবং স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। 

এ নিয়ে ভুক্তভোগী বাদী হয়ে নাটোর সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। 

ফরহাদ হোসেন জানান, মামলা হওয়ার পরে মিলন ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। র‌্যাব আসামিদের আটকে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে গোপন সংবাদের ভিত্তিতে মিলনকে আটক করে। 

আটকের পরে মিলনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই র‍্যাব কর্মকর্তা।