২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ীর দাবিতে কাফন পরে জাবি কর্মচারীদের অনশন

ইউজিসির চেয়ারম্যান কয়েকটি পদের অনুমোদন দেবেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসাশনকে আশ্বাস দেন।

চাকরি স্থায়ীর দাবিতে কাফন পরে জাবি কর্মচারীদের অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে অনশন করছেন কর্মচারীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 06:26 PM

Updated : 31 Jul 2023, 06:26 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা  চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে অনশন করছেন।

সোমাবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মত অনশন কর্মসূচি পালন করেন তারা।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে মালি পদে কর্মরত অস্থায়ী কর্মচারী শরিফুল ইসলাম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের অস্থায়ী কর্মচারী রায়হান কাফনের কাপড় পরে শুয়ে আছেন।

কাফনের কাপড় পরে অনশনরত মালি শরিফুল ইসলাম বলেন, “চাকরি স্থায়ী না হলে এখানেই আমার মৃত্যু হবে। তাই কাফনের কাপড় পরে শুয়ে আছি।”

অনশনরত কর্মচারীদের এক দফা দাবি চাকরি স্থায়ীকরণ করা। 

দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন অস্থায়ী কর্মচারী আছেন। যাদের দৈনিক ৪০০ টাকা করে মজুরি দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক অস্থায়ী এক কর্মচারী বলেন, “চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত তিনবার প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছি। চলতি বছরের ২ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসি।

“তখন প্রশাসনের আশ্বাস ছিল- ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হল, বিভাগ ও অফিসসমূহে নিয়োগ দেওয়া হবে। মৌখিক আশ্বাসের ভিত্তিতে তখন অনশন স্থগিত করা হয়।”

তিনি আরও বলেন, “তবে আশ্বাসের ছয় মাস অতিবাহিত হলেও তার কোনো বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে বসতে হয়েছে আমাদের।"

চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ১৩ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে তারা।

কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় রোববার থেকে তারা অনশন কর্মসূচি পালন করছেন। 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হাসান বলেন, “চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে নেওয়া হয়। ২৭ জুলাই ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা হয়।

“ওই আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের (অস্থায়ী কর্মচারী) মধ্যে থেকে ধাপে ধাপে চাকরি স্থায়ী করার জন্য অনুরোধ করে।”

তিনি আরও বলেন, “তবে ইউজিসির চেয়ারম্যান কয়েকটি পদের অনুমোদন দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান ইউজিসির অন্য সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।"