মৌলভীবাজারের সুমাইছড়া থেকে বালু উত্তোলন বন্ধের দাবি
এই ছড়ার ইজারার রসিদ দিয়ে শ্রীমঙ্গলের অন্যান্য লিজবিহীন পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সুমাইছড়া থেকে অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন করা হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে শহরের সাগরদিঘি সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলার উত্তর লামুয়া গ্রামের বাসিন্দা মো. ফরমান মিয়া। তার পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন লামুয়া গ্রামের বাসিন্দা মো. জমসেদ মিয়া।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- লিজের শর্ত ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে উপজেলার লামুয়া মৌজার সুমাইছড়ার (পাহাড়ি খাল) প্রায় এক কিলোমিটার অংশে ৫-৭টি স্থানে বালু উত্তোলন করা হচ্ছে। অনিয়মতান্ত্রিকভাবে এই বালু উত্তোলনের কারণে দুই পাড়ের সরকারি ব্রিজ, বসতবাড়ি, কবরস্থান, শ্মশানঘাট ও ফসলের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একইসঙ্গে এই ছড়ার ইজারার রসিদ দিয়ে শ্রীমঙ্গলের অন্যান্য লিজবিহীন পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে একটি চক্র অবৈধভাবে বিক্রি করছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আরও জানান হয়, নির্বিচারে বালু উত্তোলনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে।
এ ছাড়াও বহন ক্ষমতার অতিরিক্ত বালুবোঝাই ট্রাক চলাচলে গ্রামীণ সড়ক ও ব্রিজের অবকাঠামোগত ক্ষতি হচ্ছে বলেও জানান হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজাপুর গ্রামের মকলিশ মিয়া ও লোকমান আহমেদ; লামুয়া গ্রামের মো. রাজা মিয়া ও মো. জব্বার মিয়া; সিরাজনগর গ্রামের মো. তাজ মিয়াসহ কালাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা জোনাব আলী, রেদোয়ান আহমদ, নিয়ামত উল্লাহ, কুতুব মিয়া, জব্বার মিয়া, লোকমান আহমেদ, মো. সাউদ আলম, মকবুল হাসান, মো. সুরুক মিয়া, মইনুল ইসলাম।
ফরমান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালু উত্তোলনের ফলে লামুয়া-সিরাজনগর গ্রামীণ সড়কের সুমাইছড়া ব্রিজ, লামুয়া কবরস্থান, সোনাছড়া ও সিরাজনগর শ্মশানঘাট, সোনাছড়া চা বাগানের চা-আবাদের ভূমি, দুই গ্রামের কয়েকটি বসতবাড়ি এবং বিস্তীর্ণ ফসলিজমি ভাঙনসহ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে।
তিনি জানান, শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন না করতে বলায় ইজারাদার আবরু মিয়া শ্রীমঙ্গল থানায় তিনিসহ গ্রামবাসীর উপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছেন।
সিরাজনগর গ্রামের মো. তাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমাইছড়া থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের আদেশও অমান্য করা হচ্ছে।
তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টে বালু উত্তোলন বন্ধ করার জন্য একটি রিট পিটিশন দায়ের করেন। আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চ গত ৪ জুন এক আদেশে বালু উত্তোলনের উপর ৬০ দিনের স্থিতাবস্থা বজায় রেখে চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এর পরেও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ইতিপূর্বে এ বিষয়ে অভিযোগ পেয়ে সরেজমিনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন আবার সার্ভেয়ার পাঠিয়ে ইজারাদারের বালু উত্তোলনের স্থান পুনরায় চিহ্নিত করে দেওয়া হবে।”
তবে তিনি উচ্চ আদালতের কোনো আদেশ এখনো পাননি বলে জানান। তিনি বলেন, আদালতের নির্দেশনা পাঠালে তা খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠাবেন।
এ বিষয়ে বালু উত্তোলনের ইজারা পাওয়া আবরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বালু উত্তোলনের ইজারা আমরা পেয়েছি, আমরা বৈধভাবেই বালু তুলছি। কিন্তু আমাদের ইজারা পাওয়ার পর থেকেই একটি পক্ষ মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে।”
তিনি দাবি করেন, “তারা হাইকোর্টে পিটিশন দেওয়ার পর হাইকোর্ট বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসক ও অন্যান্যদের তদন্ত প্রতিবেদন পাঠানোর কথা বলেছেন। এখানে বালু তোলা বন্ধের কোনো কথা হাইকোর্ট বলেনি।
“আমরাও শীঘ্রই সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানাব”, বলেন তিনি।
