ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইজিবাইক চালক নিহত, ৫ বাড়িতে আগুন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগের আরেকটি হামলায় করা মামলার আসামিরা জামিনে বের হয়ে এলে দুইদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। প্রতিবাদে পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।
শুক্রবার বিকালে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন।
নিহত ইজিবাইক চালক রবিউল ইসলাম (৪৮) একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে।
মিনহাজ উদ্দিন জানান, তাদের গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাল উদ্দিন ও খবির হোসেনের মধ্যে বিরোধ চলছে। তিনি জামাল উদ্দিনের সমর্থক।
তিনি বলেন, ফেব্রুয়ারির ২৫ তারিখে জামালের চাচাতো ভাই জীবনকে কুপিয়ে গুরুতর জখম করে খবিরের লোকজন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আসামিরা জামিনে বের হয়ে এলে গত দুইদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।
“এরই জের ধরে শুক্রবার বিকালে আছরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবিউলকে কুপিয়ে গুরুতর জখম করে খবিরের সমর্থকরা।
“তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন চিকিৎসক। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
সহকারি পুলিশ সুপার অমিত কুমার জানান, রবিউলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের লোকজন শুক্রবার রাতে প্রতিপক্ষের পাঁচ জনের বাড়িতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়। ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি তবে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান অমিত কুমার।
