কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত
আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আলমপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ।
নিহত হালিম মণ্ডল (৬০) খয়েরপুর গ্রামের মৃত কলম মণ্ডলের ছেলে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া সংঘর্ষের ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
