আখাউড়া-আগরতলা রেলপথে চলল পরীক্ষামূলক ট্রেন
পাঁচটি খালি বগি নিয়ে ট্রেনটি আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে ৩৫ মিনিটে ভারতের প্রবেশ করে।
আখাউড়া-আগরতলা রেলপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। আর আগামী ১ নভেম্বর উদ্বোধন করা হবে এ রেলপথটি।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গঙ্গাসাগর রেলস্টেশন থেকে একটি ট্রেন ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেলস্টেশন পর্যন্ত চলাচল করে বলে জানান প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া।
তিনি বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে পাঁচটি খালি বগি নিয়ে ট্রেনটি আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে। পরে ৩৫ মিনিট যাত্রা করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি ভারতে প্রবেশ করে।
এ সময় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় ভারতের নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কর্মকর্তারা ট্রেনটিকে স্বাগত জানান।
প্রকল্প পরিচালক আরও বলেন, আগামী ১ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথটির উদ্বোধন করবেন।
এর আগে গঙ্গাসাগরে ট্রেনটিকে বিদায় জানান ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশিসহ রেলওয়ের কর্মকর্তারা।
২০১৮ সালের জুলাইয়ে আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। পুরো রেলপথটির দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার।
এর মধ্যে বাংলাদেশ অংশ পড়েছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। প্রকল্পের মেয়াদ দেড় বছর হলেও কোভিডের সময়সহ নানা সংকটে পাঁচ বছর লেগেছে নির্মাণ কাজ সম্পন্ন করতে।
এর আগে এ রেলপথের শুধু বাংলাদেশ অংশে একাধিকবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে।
