০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আন্তঃনগর ট্রেন পাচ্ছে পাবনাবাসী

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি এ সেবা চালু করবেন।

আন্তঃনগর ট্রেন পাচ্ছে পাবনাবাসী

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 06:34 PM

Updated : 05 Nov 2026, 06:34 PM

পাবনা ও ঢাকার পথে শুরু হতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল, যা উদ্বোধন করা হবে আগামী ১৯ নভেম্বর।

রেলওয়ের এক জোড়া ট্রেন চলাচলের প্রস্তাব গত ৪ নভেম্বর রেলপথ মন্ত্রণালয় অনুমোদন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ৮টায় পাবনা থেকে ছাড়বে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’, যেটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছাড়বে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’, যা পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

ট্রেন দুটি যাওয়া আসার পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর রেল যোগাযোগ শুরু হতে যাচ্ছে।