ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
কিশোরীকে বাড়িতে একা রেখে তার মা টিসিবির পণ্য তুলতে গেলে আসামি তাকে ধর্ষণ করেন বলে জানান পিপি।
ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার সাহা।
দণ্ডিত মো. শামীম মোল্লা (৩৩) ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি স্বপন কুমার সাহা বলেন, ফরিদপুরের ১৫ বছর বয়সী ওই কিশোরীর মা ২০২০ সালের ১২ মে সকালে দিকে তাকে বাড়িতে রেখে টিসিবির পণ্য তুলতে যান।
দুপুর দিকে শামীম মোল্লা কৌশলে ওই কিশোরীকে পাশের একটি বসত ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন।
এই আইনজীবী বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ওই বছর ১৯ মে শামীম মোল্লাকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালী থানার এসআই ফারুক আলী মণ্ডল ২০২০ সালের ২৩ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জারিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
