আধিপত্য বিস্তার নিয়ে ঝালকাঠিতে মধ্যরাতে সংঘর্ষ, আহত ১০
ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাংচুরের সময় আটজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝালকাঠি সদরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের আট জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শহরের লঞ্চঘাট এলাকায় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানান ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।
আহতদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালের রেজিস্টারে চারজনের নাম পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশালে পাঠানো হয়েছে। তারা হলেন- রাকিবুল ইসলাম রুবেল (৪০), রাজিব হোসেন (৩২), আব্দুলা (১৭), ফারদিন আহমেদ (২৫)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ওসি নাসির উদ্দিন বলেন, রাত ৯টার দিকে স্থানীয় দুই পরিবারের বিবাদ নিরসনের জন্য উভয়পক্ষকে নিয়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির শহরের স্টেশন রোডের নিজ অফিসে বসেন।
এ সময় পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল হক খলিফা ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানান তিনি।
ওসি আরও বলেন, “এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এতে পারভেজের সেজো ভাই রুবেল গুরুতর আহত হন। মারামারি থামাতে গিয়ে আহত হন সাইফুল্লাহ।”
“এ ঘটনার জের ধরে মধ্যরাতে লঞ্চঘাট এলাকায় দুপক্ষের লোকজন একে অপরের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এসময় আটজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।”
পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল হক বলেন, “সামান্য ঘটনা নিয়ে কথা কাটাকাটির পর প্রথমে দুপক্ষের মারামারি হয়। পরে প্রতিপক্ষের লোকজন আমার ব্যবসাপ্রতিষ্ঠানসহ আশপাশের দোকানপাটে হামলা ও ভাংচুর চালায়।”
ছাত্রলীগ নেতা পারভেজে বলেন, “ঘটনার সময় আমি ঝালকাঠিতে ছিলাম না। আমার ভাইকে গুরুতর আহত করা হয়েছে। তাকে নিয়ে পরিবারের অন্য সদস্যরা ব্যস্ত ছিলেন। আমি বা আমাদের পক্ষে কোনও প্রকার হামলা করা সম্ভব ছিল না।”
হামলার বিষয়ে ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ বলেন, “হাতাহাতির সময় টেবিলের গ্লাস ভেঙে আমি সামান্য ব্যথা পেয়েছি। তবে মারামারি হয় বাহিরে।”
ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেন এ আওয়ামী লীগ নেতা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় মামলা করেনি বলে জানান ওসি নাসির উদ্দিন।
