২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

একই মামলায় আরও দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 09:16 PM

Updated : 18 Oct 2023, 09:16 PM

চাঁদপুরে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন এবং দুইজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহেদুল করিম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান ভুঁইয়া।

দণ্ড পাওয়ার হলেন- মো. রাসেল (৩৮) এবং পাঁচ বছরের কারাদণ্ড পান মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদ (৩৮)।

যাবজ্জীবন দণ্ড পাওয়া রাসেলের বিরুদ্ধে আরও দুটি ধারায় সাজা হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাসের সাজা দেয় আদালত।

এ ছাড়া ৯ (ক) ধারায় রাসেলকে দুই বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক মাস কারাবাসে থাকতে হবে।

মামলার বরাতে পিপি মজিবুর বলেন, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর গোপন খবর পেয়ে বিভিন্ন ধরনের মাদকসহ রাসেল ও তাজুলকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় জড়িত ছিলেন তাদের সহযোগী ফারুক।

পরে তিনজনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ডিবি।

তদন্ত শেষে ওই বছর ৩১ অক্টোবর তৎকালীন ডিবির এসআই মামুনুর রশিদ তিনজনকে আসামি করে আদালতে অভিযোপত্র দাখিল করেন বলে জানান পিপি।

রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী দেবাশীষ কর মধু জানান, সাক্ষ্যগ্রহণ শেষে রাসেলকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে।

একই মামলায় তাজুল ও ফারুককে পাঁচ বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।