Published : 18 Jan 2024, 04:23 PM
লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে রেলের লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু বলেন, “মামলার পর ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
কমিটির অপর তিন সদস্য হলেন- তাসরুজ্জামান বাবু, সংশ্লিষ্ট রেলওয়ে হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ভুঁইয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।
এছাড়া ধর্ষণের অভিযোগ ওঠা রেলের অ্যাটেনডেন্ট আক্কাস গাজীকে গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বধুবার চলন্ত ‘লালমনি এক্সপ্রেসে’ ভুল করে ওঠা ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া যায় আক্কাছ গাজী নামে ট্রেনটির এক কর্মীর বিরুদ্ধে।
আক্কাছ বরিশাল সদরের শায়েস্তাবাদ সড়কের বাসিন্দা ও সেলুন বেয়ারা (ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট) হিসেবে লালমনি ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত।
এদিকে, হাসপাতালে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে দুপুরে আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে বলে জানান, লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী।
তিনি জানান, পরিবারের সদস্যরা এলে আদালতের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী তাসরুজ্জামান বাবু বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা রেল বিভাগ ব্যথিত। ধর্ষকের বিষয়ে কোনো ছাড় নেই। আমরা তদন্ত করছি। দোষীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: