নাটোরে জমির বিরোধে একজনকে পিটিয়ে খুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয় বলে জানান ওসি।
নাটোরের সিংড়া উপজেলায় জমির বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার ছোট কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান।
৪৫ বছর বয়সী নিহত আব্দুর রহমান ওই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।
আহতরা হলেন- শহীদুল ইসলাম ও সবিরন বেগম। তারা নিহতের আপন ভাই-বোন।
পুলিশ জানায়, হামলায় ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “দীর্ঘদিন ধরে আব্দুর রহমানের সঙ্গে মামাতো ভাই আব্দুল করিমের জমির বিরোধ ছিল।সেই জেরে রোববার সন্ধ্যায় আব্দুল করিম ও তার কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে হামলা চালায়।
“হামলায় আহত আব্দুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শহীদুল ইসলাম ও সবিরন বেগমকে নাটোর সদর হাসপাতাল ভর্তি করানো হয়।”
“রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে আব্দুর রহমান মারা যান।“
এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
