জীবন গেলেও ভোটের মাঠ ছাড়ব না: নজরুল ইসলাম বাবুল
“আমি বিশ্বাস করি নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র, চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙ্গলের জয় হবেই।”
জীবন গেলেও ভোটের মাঠ ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।
বুধবার বিকালে সিলেট নগরীর কুমারপাড়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বাবুল বলেন, “জীবন গেলেও নগরবাসীকে কিংবা ভোটের মাঠ ছেড়ে চলে যাব না। সিটি নির্বাচনের শুরু থেকেই প্রতিপক্ষ আমাকে নানা ধরনের চাপের মুখে রেখেছে। কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। দিন যতই গড়াচ্ছে পরিবেশ পরিবেশ পরিস্থিতি ততই ভয়াবহ হয়ে উঠছে।”
ভোটের মাঠে তাকে নাজেহাল করার অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এই মেয়র প্রার্থী বলেন, “আমাকে ও আমার পরিবারকে হেনস্তা করতে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নিবার্চনে পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ এ খেলায় মেতে উঠেছে। নগরবাসী এ চক্রান্ত বুঝতে পেরে লাঙ্গলের পক্ষে আরও মজবুত অবস্থান নিয়েছে।”
এসব ঘটনার বিচার দেওয়ার কোনো জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, রিটার্নিং অফিসারের কার্যালয়ে বারবার অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না।
উল্টো তার উপরই কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলেও অভিযোগ লাঙ্গলের প্রার্থীর।
তিনি বলেন, “নৌকার প্রার্থী একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছেন। তবে আমি বিশ্বাস করি নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র, চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙ্গলের জয় হবেই।”
এ সময় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধেও নানা অভিযোগ করেন নজরুল ইসলাম বাবুল।
বরিশাল সিটি নির্বাচনে ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থীর উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বরিশালের ঘটনার পর আতঙ্কিত হয়ে সিলেটে নির্বাচনের মাঠ ছেড়ে দিয়েছেন ইসলামি আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। নির্বাচনি মাঠে আশঙ্কা থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেটের বর্তমান মেয়র, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
“এখন সিলেটে টার্গেট আমি। আমাকে নানাভাবে বিপর্যস্ত করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আমি এই সিলেট শহরের সন্তান। সিলেটের মানুষের জন্য প্রয়োজনে জীবন দেব, তবু পালাব না। শেষ পর্যন্ত দেখব।”
সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি সিলেটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্যসচিব আবদুস শহিদ লস্কর।
জাপা প্রার্থীর এসব বিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের মোবাইল টেলিফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
