সিলেটে মাদক মামলায় ভারতীয় নাগরিকসহ তিনজনকে যাবজ্জীবন
যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।
সিলেটে পৃথক মাদক মামলায় এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন।
দণ্ড পাওয়ারা হলেন- ভারতের ত্রিপুরা জেলার পশ্চিম থানার জয়পুর এলাকার মোহন বর্মণের ছেলে কৃষ্ণ বর্মণ (৩৩), সিলেটের জকিগঞ্জ উপজেলা সুলতানপুর গ্রামের আব্দুস শহীদ এবং বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামের সায়েক মিয়া (৪০)। এরমধ্যে আব্দুস শহীদ পলাতক রয়েছেন।
মামলার বরাতে পিপি নিজাম জানান, ২০২০ সালের ২৯ জুলাই রাতে গোপন খবর পেয়ে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পরিত্যক্ত মিলঘর থেকে আব্দুস শহীদকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়। সেই সময় তার দুই সহযোগী নজরুল ইসলাম ও সাহেদুজ্জামান পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে ওই বছরের ১৭ নভেম্বর এসআই শাহিনুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।
অপর মামলার বরাতে পিপি নিজাম জানান, চলতি বছরের ২৮ জুলাই ভারত থেকে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া হয়ে মিথাইল অ্যামফেটামিন মিশ্রিত ইয়াবা নিয়ে ওসমানীনগর উপজেলায় প্রবেশ করেন সায়েক মিয়া ও কৃষ্ণ বর্মণ।
গোপন খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার সার্কেলের পরিদর্শক অমর কুমার সেন ওইদিন সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারের এক দোকান থেকে তাদের আটক করেন।
এ সময় সায়েকের কাছ থেকে চার হাজার ইয়াবা, ভারতীয় নোট ও মোবাইল ফোন এবং কৃষ্ণ বর্মণের কাছ থেকে ছয় হাজার ইয়াবা জব্দ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এ ঘটনায় অমর কুমার সেন বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৩ সেপ্টেম্বর এসআই কাকন রায় দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।
আদালতে আসামি সায়েকের পক্ষে ছিলেন আইনজীবী রাজু ভৌমিক এবং কৃষ্ণ বর্মণের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মোহাম্মদ তারেক।
এ ছাড়া আব্দুস শহীদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহরিয়ার উজ জামান পলাশ।
