আগামী পাঁচ বছর চমকের ওপর থাকবে: ব্যারিস্টার সুমন
“আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথম একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ। তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি করব।”
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আগামী পাঁচ বছর মেয়াদকালে কী চমক দেবেন তার ফিরিস্তি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
বৃহস্পতিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে ফাতেহা পাঠ করে ১৯৭৫ এর ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন ব্যারিস্টার সুমন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রাখা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সুমন বলেন, “গতকালকে এমপি হিসেবে শপথ গ্রহণ করে সকালেই চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে নিজেকে সবসময় দাবি করে বলি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
“এজন্য তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব।”
তিনি বলেন, “আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথম একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ। তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি করব। আমার পাঁচ বছরের পুরো সময়টাই চমকের ওপর থাকবে। এটা আমি দেখাবো যে, একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।”
চুনারুঘাট-মাধবপুর এলাকায় ছোট ছোট প্রায় একশ ফুটবল মাঠ বানাতে চান জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, “ফুটবল খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রীর কাছেও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারণ বাচ্চাদের মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এজন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। ”
মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী ছিলেন টানা দুইবারের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তাকে লাখ ভোটে হারিয়ে এ আসনে জয়ী হন সুমন।
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত। ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।
