২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের বিজ্ঞপ্তির সাড়ে ৪ বছরেও হয়নি নিয়োগ পরীক্ষা, বয়স হারাচ্ছেন প্রার্থীরা

এনবিআরের বোর্ড প্রশাসনের প্রথম সচিব বলেন, “এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই; কর্তৃপক্ষ ওই সার্কুলারটি বাতিলও করেনি।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 02:33 PM

Updated : 29 Jan 2024, 02:33 PM

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরসহ পাঁচটি পদের প্রার্থীরা আবেদন করার সাড়ে চারবছর পরও তাদের নিয়োগ পরীক্ষা হয়নি।

২০১৯ সালের ২২ মে জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

কিছু পদে পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও পাঁচটি পদে পরীক্ষা নেওয়া হচ্ছে না। এতে আবেদনকারীদের মধ্যে অনেকের চাকরির বয়সসীমা (৩০ বছর) পার হয়ে গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ড প্রশাসনের প্রথম সচিব বলছেন, এ ব্যাপারে অগ্রগতি নেই; কর্তৃপক্ষ ওই সার্কুলারটি বাতিলও করেনি।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক গ্রামের বাসিন্দা মো. মহসিন কবির নামে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারী জানান, ২০২২ সালে কম্পিউটার অপারেটর ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার পর উপযুক্ত প্রার্থীদের নিয়োগ ও যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

তার দাবি, করোনা মহামারী চলার সময় ২০২২ সালে অন্য পদগুলোর মধ্যে টেলিফোন অপারেটর ও টার্মিনাল অপারেটর পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও ওই দুই পদে পরীক্ষা নেওয়া হয়নি।

এছাড়া পরিসংখ্যান অনুসন্ধায়ক, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার কোনো তারিখ আজও নির্ধারণ করা হয়নি।

এ অবস্থায় অনেক আবেদনকারীর সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমাও পার হয়ে গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ড প্রশাসনের প্রথম সচিব মো. গাউছুল আজম বলেন, “এ ব্যাপারে অগ্রগতি নেই বা এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কর্তৃপক্ষ ওই সার্কুলারটি বাতিলও করেনি।”

এর বেশি কিছু বলতে তিনি অপরাগতা প্রকাশ করেছেন তিনি।