২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ঈদের আগে খোঁড়াখুঁড়িতে বন্ধ সড়ক, ভোগান্তি

ব্যবসায়ীদের দাবি, ঈদের আগে এভাবে সড়ক খোঁড়াখুঁড়ি করায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।

মানিকগঞ্জে ঈদের আগে খোঁড়াখুঁড়িতে বন্ধ সড়ক, ভোগান্তি

সুয়ারেজ ড্রেন নির্মাণের জন্য খোঁড়াখুঁড়িতে শহরের গঙ্গাধরপট্টি সড়ক বন্ধ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2024, 09:19 PM

Updated : 06 Apr 2024, 09:19 PM

কোনো প্রকার ঘোষণা ছাড়াই ঈদের আগে শহরের গঙ্গাধরপট্টি সড়ক খুঁড়ে সুয়ারেজ ড্রেন নির্মাণের ফলে সড়কটি পুরোপুরি বন্ধ আছে। এত ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।  

ব্যবসায়ীদের দাবি, ঈদের আগে এভাবে সড়ক খোঁড়াখুঁড়ি করায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে সরকারি দেবেন্দ্র কলেজের সামনের গঙ্গাধরপট্টি সড়কে সুয়ারেজ ড্রেন নির্মাণের কাজ চলছে। ফলে সড়কটি পুরোপুরি বন্ধ রয়েছে।

পৌর বাসিন্দা আনোয়ার চৌধুরী বলেন, “মানিকগঞ্জ ছোট্ট শহরের উত্তর দিকে গঙ্গাধরপট্টি সড়ক, মাঝখানে শহীদ রফিক সড়ক ও দক্ষিণে গার্লস স্কুল সড়ক। তবে শহীদ রফিক সড়ক অপ্রশস্ত। যানজট এড়াতে গঙ্গাধরপট্টি ও গার্লস স্কুল সড়ক দিয়ে অধিকাংশ যানবাহন চলাচল করে। কিন্তু দুই সপ্তাহ ধরে গঙ্গাধরপট্টি সড়কে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় বাকি দুই সড়কে প্রচুর যানজট হচ্ছে।

“এখন গঙ্গাধরপট্টি সড়ক বন্ধ থাকায় সব যানবাহনের চাপ পড়েছে ওই দুই সড়কে। সড়কের দুই পাশের বাসিন্দা আর ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন পড়েছেন চরম ভোগান্তিতে।”

তিনি বলেন, “সামনে ঈদ, এখন রাস্তায় মানুষের চলাচল এমনিতেই বেড়ে গেছে। কিন্তু সড়কটি পুরোপুরি বন্ধ। কাজটা ঈদের পর শুরু করলে এমন ভোগান্তিতে পড়তে হত না।”

গঙ্গাধরপট্টি সড়কের ব্যবসায়ী সুমন শিকদার বলেন, “রাস্তা খোঁড়ার কারণে দোকানে ক্রেতারাও আসতে পারে না। ফলে দোকানপাট খোলা রাখলেও বিক্রি হচ্ছে না। আমাদের অনেক লোকসান হচ্ছে।”

এদিকে, শহীদ রফিক সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ পড়ায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে দোকানপাটে ভিড়তে পারছেন না।

সড়কের পাশে কাপড় ব্যবসায়ী অনুপ সাহা বলেন, “ঈদ উপলক্ষে শহরে যাত্রী, পথচারী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। গঙ্গাধরপট্টি সড়কটি খোঁড়াখুঁড়ি করার কারণে বন্ধ থাকায় শহীদ রফিক সড়কে বাড়তি চাপ পড়েছে। বিভিন্ন উপজেলা থেকে অনেক ক্রেতা মোটরসাইকেল নিয়ে মানিকগঞ্জ শহরে কেনাকাটা করতে আসেন। এবার যানবাহনের চাপের কারণে তারা মোটরসাইকেল দোকানের সামনে রাখাতেই পারছেন না। এতে করে আমাদের বেচা-বিক্রিও কমে গেছে।”

পৌর কর্তৃপক্ষ জানায়, সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট-সিআরডিপি প্রকল্পের আওতায় শহরের মধ্য দিয়ে প্রবাহিত খাল খনন, দক্ষিণ পাশে হাঁটার রাস্তা, সৌন্দর্যবর্ধন এবং সুয়ারেজ ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ করছে অ্যাপেক্স এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন মাস পর্যন্ত।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লাবলু মিয়া বলেন, “শহীদ রফিক সড়কের সুয়ারেজ ড্রেনের কাজ শেষ করে গঙ্গাধরপট্টি সড়কে দুই সপ্তাহ ধরে কাজ শুরু করেছি। এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ থাকায় ঈদের আগেই সড়কটি খুঁড়ে সুয়ারেজ ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে। শহরবাসীকে সাময়িক সমস্যায় পড়তে হচ্ছে এটা যেমন সত্য, আবার কাজটি দ্রুত শেষ করা হবে সেটাও সত্য।”

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম গিয়াস উদ্দিন  জানান, কাজের মেয়াদ চলতি বছরের জুন মাস পর্যন্ত। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ঈদের আগেই তাদের কাজ শুরু করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে ঈদের আগেই কাজ শুরু হয়েছে, এজন্য শহরে চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হচ্ছে।