গোমতীর ‘বালু-মাটি খেকো চক্রের বিরুদ্ধে’ এমপির ‘যুদ্ধ ঘোষণা’
স্বতন্ত্র ওই সংসদ সদস্য বলেন, “নিজের জীবন দিয়ে হলেও কুমিল্লার দেবিদ্বারে মাটি-বালু খেকোদের হাত থেকে গোমতীকে রক্ষা করব।”
‘নিজের জীবন দিয়ে হলেও’ কুমিল্লার দেবিদ্বারে মাটি-বালু খেকোদের হাত থেকে গোমতী নদীকে রক্ষার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
নদীর মাটি ও বালু তোলা চক্রের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন বলে দাবি এ সংসদ সদস্যের।
বৃহস্পতিবার বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর এলাকায় গোমতী ও এর চর পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।
এক সময়ের খরস্রোতা গোমতী নদীর দেবিদ্বার অংশে প্রায় শতাধিক স্থান থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও ট্রাক্টরে করে চরের মাটি কেটে বিভিন্ন ইটভাটাসহ ভরাটের কাজে বিক্রি করছিল একটি মহল। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালী মহলটির বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাননি।
দেবিদ্বারে গোমতী নদীর বালু উত্তোলন ও চরের কৃষি জমির মাটি কাটা বন্ধ করার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল আবুল কালাম আজাদের।
তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছি, এমপি নির্বাচিত হলে গোমতী নদীকে রক্ষা করব। আমি আমার কথা রাখব, যত বাধাই আসুক। প্রয়োজনে জীবন দিয়ে হলেও গোমতী নদীকে মাটি-বালু খেকোদের হাত থেকে রক্ষা করব।”
স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, “নদীর দুই পাড়ের মানুষ ভালো থাকার জন্য অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হল। আজ থেকে গোমতী নদীর বালু উত্তোলন ও চরের কৃষি জমির মাটি কাটা বন্ধ করা হল।
“যারা সন্ত্রাস ও লুটপাট করে খায়, তারা কারও না কারও ছত্রছায়ায় থাকে। যার বা যাদের ছত্রছায়াই থাকুক, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসীই। যারা চাঁদাবাজ তারা চাঁদাবাজই। তাদের কোনো ধর্ম নেই, তারা কোনো না কোনো ক্ষমতাবান বা কোনো জনপ্রতিনিধির ছত্রছায়ায় এতদিন অপকর্মগুলো করেছেন। আগে কী হয়েছে তা বাদ, সামনে থেকে এমন কাজ আর করতে দেওয়া হবে না।”
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র এ সংসদ সদস্য আরও বলেন, “গোমতী নদীর জাফরগঞ্জ অংশে ইউলোপ কেটে নদী সোজা করা হবে। এই এলাকায় গোমতী নদীর ওপর দুটি ব্রিজ নির্মাণ করা হবে।”
তিনি ট্রলারে চড়ে গোমতী নদীর চরের কৃষি জমির মাটি কেটে নেওয়া স্থানগুলো পরিদর্শন করেন।
নদী পরিদর্শনের সময় তার সঙ্গে আরও ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, থানার ওসি মো. নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, জাফরগঞ্জ ইউপির চেয়ারম্যান মো. জাহিদ আলম, ফতেহাবাদ ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, সুবিল ইউপির চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুলসহ নেতা-কর্মী।
