২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ সব দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, এখন জনগণ কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পছন্দ করে না।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 05:22 PM

Updated : 19 Oct 2023, 05:22 PM

দেশের মানুষ সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, “এখন যারা নির্বাচনে আসবেন, তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবেন। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, কেউ যদি সন্ত্রাসবাদ করে, তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোনো জঙ্গিবাদ সন্ত্রাস বাদকে পছন্দ করে না।”

বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবে। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে।”

বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না দাবি করে মন্ত্রী বলেন, “যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত, পুলিশ শুধু তাদেরই গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল, পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকাণ্ড চালাচ্ছে।”